
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার কাহালু উপজেলা যুবদলের আসন্ন কমিটি গঠনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা সুলতান সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সুলতান সরদার। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে সাধারণ সম্পাদক পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এ বিষয়ে সুলতান সরদার বলেন, “আমাকে সাধারণ সম্পাদক বানাতেই হবে—এমন কোনো দাবি নেই আমার। আমি চাই, দলের জন্য যারা পরিশ্রমী ও ত্যাগী, তাদের যথাযথ মূল্যায়ন করা হোক। দল যেন যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসে, সেটাই আমার প্রত্যাশা।”
তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করছেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে অভিজ্ঞ, ত্যাগী এবং গ্রহণযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা, জনপ্রিয়তা এবং ত্যাগের মূল্যায়নকে অগ্রাধিকার দেওয়া হয়।
উল্লেখ্য, কাহালু উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং নতুন নেতৃত্ব কতটা সংগঠনকে এগিয়ে নিতে সক্ষম হয়।