
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ৯টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ এবং মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে মাদক নির্মূলে র্যাব-৫, রাজশাহী নিয়মিত গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর নিউ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মো. মামুন শেখের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই বাড়ি থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড এবং মাদক বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই মো. মামুন শেখ (৩৬) ও মো. সফিক (৩৭) নামে দুইজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বলেও তারা স্বীকার করেছেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।