
স্বামীর পরকীয়ার অভিযোগে দাম্পত্য কলহ, পলাশে গৃহবধূর আত্মহত্যা
জেলা প্রতিনিধি:(নরসিংদী)
মোঃমামুন মোড়ল
নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি স্থানীয় নূর আলমের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রুমির স্বামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। এ বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিন দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল উদ্দিন স্ত্রীকে মারধর করেন। পরে রাগ ও অভিমানে রুমি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর পরকীয়ার জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।