
পিরোজপুরে উন্নয়নের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা
স্থগিত ৮ সড়ক প্রকল্প দ্রুত চালুর উদ্যোগ। সৈয়দ আল রাজী, পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা সড়ক নির্মাণ প্রকল্পগুলো পুনরায় সচল করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উদ্দেশ্যে মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক।
বৈঠকে জেলার তিনটি সংসদীয় আসনের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় অর্ধঘণ্টা আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বর্তমান উন্নয়ন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং স্থগিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষভাবে আলোচনায় উঠে আসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে চলমান প্রকল্পগুলো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুরে মোট ১১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৮টি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব প্রকল্প দ্রুত পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান। তিনি প্রস্তাব দেন, চলমান দুর্নীতি মামলার নিষ্পত্তির জন্য অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে রাজস্ব বাজেটের রক্ষণাবেক্ষণ খাত থেকে অর্থ বরাদ্দ দিয়ে কাজ শুরু করা যেতে পারে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
এছাড়াও জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে একাধিক প্রস্তাব উপস্থাপন করা হয়, যা বাস্তবায়িত হলে জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে পিরোজপুরের স্থগিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পথে এগোবে এবং জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।