
নোয়াখালীর বেগমগঞ্জে কানাডা প্রবাসীর বাড়িতে হামলা, বাবা-মাকে মারধর ; দেশে ফেরা নিরাপদ নয়
মোঃ নুর উদ্দিন,জেলা প্রতিনিধি নোয়াখালী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূর্ব শত্রুতার জেরে কানাডা প্রবাসী উজ্জল দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তার বৃদ্ধ বাবা-মাকে মারধর ও ভাঙচুর করেছে। গতকাল রবিবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০-১২ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল উজ্জল দাসের বাড়িতে প্রবেশ করে তার বাবা-মাকে ভয়ভীতি ও হুমকি দেয়। তারা দাবি করে, উজ্জল দাস দেশে ফিরে এসেছেন এবং তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
উজ্জলের বাবা-মা স্পষ্ট জানান, ছেলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এবং তিনি এখনো কানাডাতেই অবস্থান করছেন। কিন্তু দুর্বৃত্তরা তা বিশ্বাস না করে পরিবারের ওপর চড়াও হয়। উজ্জলকে না পেয়ে তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং তার বাবা-মায়ের ওপর শারীরিক হামলা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, ওরা এসে উজ্জলের বাবা-মাকে মারধর করেছে। হুমকি দিয়ে গেছে উজ্জল দেশে ফিরলেই তাকে হত্যা করা হবে। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনার সময় কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।
হামলায় উজ্জলের বাবা-মা আহত হয়েছেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবার ও স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে উজ্জল দাসের দেশে ফেরা একেবারেই নিরাপদ নয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সংশ্লিষ্ট প্রশাসন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।