
রাজশাহীর চারঘাটে র্যাবের অভিযানে ২২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।
রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২৯ পিস ইয়াবাসহ বাশার আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, রাজশাহী। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিতভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, ছিনতাই, অপহরণ এবং মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই রাজশাহীর চারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ জানায়, শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানার তাতারপুর ফৌজদারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সদর কোম্পানির একটি আভিযানিক দল আক্কাসের মোড়ের দক্ষিণ পাশে বানেশ্বর-শলুয়া সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি শুরু করে।
একপর্যায়ে বাশার আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ ও দেহ তল্লাশি করে ২২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়।
আটক বাশার আলী চারঘাট উপজেলার তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।