
মো: শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। পরিদর্শনকালে তিনি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান, উন্নত পরিবেশ এবং লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।
রোববার (১০ মে) দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে সিভিল সার্জন প্রতিটি প্রতিষ্ঠানের ওটি (OT), ল্যাবরেটরি এবং রোগী ব্যবস্থাপনার খুঁটিনাটি খতিয়ে দেখেন। এ সময় স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, “সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় এবং সঠিক চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম, নোংরা পরিবেশ বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিরম্ময় বর্মন, লালমনিরহাট সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ আব্দুর রশিদসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সিভিল সার্জনের এই আকস্মিক তদারকিকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। এর ফলে বেসরকারি চিকিৎসালয়গুলোর সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।