
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ভাসমান চেকপোস্টে ধাওয়া খেয়ে ইয়াবাবাহী একটি মোটরসাইকেল ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কুতুবদিয়া পাড়ার নুরুল হোসাইন মনু বলে জানা গেছে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে ডিএনসির ভাসমান চেকপোস্ট দেখে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিপুল পরিমাণ ইয়াবা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ইয়াবাগুলো সংগ্রহ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের কাছে হস্তান্তরে সহযোগিতা করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।