
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণে ঘটনা ঘটেছে।এ ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।
গত বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় ধর্ষণের শিকার হয়।
ঘটনার পর শিশুটির শারীরিক ও আচরণগত পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বিজয় মিয়াকে রক্ষা করতে স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লাগে। তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা ও ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে চাপ ও হুমকি ধামকি প্রয়োগ করে।জানাজায় ধর্ষণকারীর বাবা প্রভাবশালী প্রবাসী।
পরিবারের অনড় অবস্থান এবং পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
ওই ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শিশুটিকে ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।”