
বৃষ্টিভেজা মাঠে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়ায় ফেনীর শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তারের প্রতি জেলা প্রশাসনের ঈদ উপহার প্রদান
ফেনীতে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা ও অকৃত্রিম মমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার। সম্প্রতি বৃষ্টিভেজা মাঠে ক্ষুদে ফুটবল দলের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহ দেওয়ার একটি হৃদয়স্পর্শী মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়।
শিক্ষার্থীদের প্রতি তাঁর এই নিবেদন ও মানবিক আচরণ সাধারণ মানুষের পাশাপাশি কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে ঈদ উপলক্ষে তাঁর জন্য উপহার সামগ্রী পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আজ ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তারের নিকট ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়—এটি ভালোবাসা, প্রেরণা ও মানবিক মূল্যবোধের এক মহান প্রতিচ্ছবি। শিক্ষার্থীদের স্বপ্ন ও সাহস জাগিয়ে তুলতে যাঁরা নিরবে-নিভৃতে কাজ করে যান, তাঁদের প্রতি জেলা প্রশাসন ফেনীর আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।
স্থানীয়ভাবে এই ঘটনাকে একজন শিক্ষকের আদর্শ, দায়িত্ববোধ এবং মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।