
সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ হামিদুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় আমের বিপণন, বাজারজাতকরণ, আম আড়ৎ পরিচালনা, যানজট নিরসন, বাজারের পরিচ্ছন্নতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সভায় তিনি আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আম পরিবহন নির্বিঘ্ন রাখতে যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, এলজিইডির উপজেলা প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নূর, আম আড়ৎদার সমিতির সভাপতি কার্তিক সাহা, সহ-সভাপতি জয়নাল আবেদিন এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন (রিফাত)।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, আম ব্যবসায়ী, আড়ৎদার, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আমের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ ও দ্রুত পরিবহন ব্যবস্থা, বাজারের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাপাহারের আম শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।