
সিংগাইরে টায়ার পোড়ানোয় লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ
সাইফুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের দায়ে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পরিচালিত অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির। পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশদূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।