
নিজস্ব প্রতিবেদক:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরি (সৌরি) মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই মৃত্যুর পেছনে তার ‘বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের প্রাথমিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আলোচিত এ ঘটনায় এর আগে তাহসিফের বান্ধবী দিশাকে গ্রেফতার করেছিল নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) নিহতের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দীপকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, “তাহসিফ সৌরির মৃত্যুতে দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক কিছু প্রমাণ আমরা পেয়েছি। রিমান্ডে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে ঘটনার পেছনের আসল সত্য বেরিয়ে আসে।
পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপের সঙ্গেই ছিলেন তাহসিফ। এমনকি দীপ তাকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু রহস্যজনকভাবে দীপ সেখান থেকে একা ফিরে আসেন—যা তদন্তকারীদের নড়েচড়ে বসতে বাধ্য করেছে।
আদালতের ফরোয়ার্ডিং আবেদনে যা বলা হয়েছে শনিবার আদালতে উপস্থাপন করা পুলিশের ফরোয়ার্ডিং আবেদনেও দীপের বিরুদ্ধে সুনির্দিষ্ট সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের সই করা ওই আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি দীপের সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার জোরালো তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা অত্যন্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্ত হলে মামলার তদন্ত কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে প্রাপ্ত তথ্য এবং সংগৃহীত প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল রহস্য দ্রুতই উন্মোচন করা সম্ভব হবে।