
আশরাফ উদ্দিন, (বান্দরবান)
বান্দরবানের আলীকদম উপজেলায় রাজনীতির প্রভাব ও ক্ষমতার ছায়ায় গুরুতর অবৈধ মাদক ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠদের নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, যারা প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেন, তাদের রাজনৈতিক প্রভাব ও ছত্রচ্ছায়াকে ব্যবহার করে কিছু মাদক ব্যবসায়ী নিজেদের অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। ফলে মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালিত হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রগুলোর দাবি, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সীমান্ত ব্যবহার করে বিভিন্ন কৌশলে মাদক পাচারের চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী, সার, তেল, বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও টাকার বিনিময়ের মাধ্যমে সীমান্তের ওপার থেকে মাদক আনার চেষ্টা করা হচ্ছে। পরে এসব মাদক আলীকদমসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে মাদকের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। মাদক পাচার, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান চলমান রয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক পরিচয় বা কোনো ধরনের প্রভাব বিবেচনা না করে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
সরকার যেখানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলছে, সেখানে রাজনৈতিক প্রভাবের অভিযোগে মাদক ব্যবসা চলতে থাকলে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাব বিবেচনা না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা জরুরি।
এ বিষয়ে বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য মন্ত্রী বাবু সাচিং প্রু জেরি বলেন, “মাদকের প্রশ্নে আমাদের সরকার এবং দলের পক্ষ থেকে কোনো আপোষ নেই। মাদক একটি দেশ ও জাতিকে বিনষ্ট করে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এদিকে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, “মাদকের জন্য আমাদের কোনো সুপারিশ নেই। কেউ যদি আমাদের দলের লোকও হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
সচেতন নাগরিকরা বলছেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়—একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সীমান্তপথে মাদক পাচার, স্থানীয় পর্যায়ে মজুত ও বিক্রয় এবং এর পেছনে কোনো প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
তাদের দাবি, রাজনৈতিক পরিচয় নয়—অপরাধই হোক বিচার ও আইনের একমাত্র মানদণ্ড। আলীকদমকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।