
সংবর্ধনায় খাদ্যমন্ত্রীর ভালোবাসায় সিক্ত চানশাহর ভক্তরা
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দয়াল বাবা আবুল চানশাহ হাজীপুরী মেলা। মেলা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি। তাঁকে কাছে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠেন চানশাহর ভক্ত-অনুরাগী ও স্থানীয় এলাকাবাসীসহ উপজেলার বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়ে বরণ করেন চানশাহর ৫ম বংশধর আফরোজা খানম ডালিয়া আমেরিকা প্রবাসী। এ সময় চানশাহর ভক্তদের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। তাঁর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন তিনি। অন্যদিকে, খাদ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে আনন্দ প্রকাশ করেন দরবার শরিফে উপস্থিত ভক্তরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরজাদা আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দয়াল বাবা আবুল চানশাহর পঞ্চম বংশধর, আমেরিকাপ্রবাসী মোঃ মোসারফ হোসেন চানশাহ।
মেলাকে কেন্দ্র করে হাজীপুর গ্রাম ও আশপাশের এলাকায় ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা দরবার শরিফে সমবেত হয়ে দয়াল বাবা আবুল চানশাহ হাজীপুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ ধরনের আয়োজন ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও উপস্থিত ভক্তরা।