
মোঃ আনোয়ার পারভেজ, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮ নম্বর বরকইট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুরে কাসেমুল উলূম বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আল্লামা নূরুল হক (দা.বা.)। তিনি বট্রগ্রাম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে পরিচিত। মুফতি ইসমাইল হোসেনের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মাহফিলে উপস্থিত হয়ে আসন্ন ৮ নম্বর বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন মোঃ আনোয়ার পারভেজ শিমুল (এমবিএ)। এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
বক্তব্যে আনোয়ার পারভেজ শিমুল বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হতে পারেন কিংবা না পারেন, সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, তাঁর প্রত্যাশা, বরকইট ইউনিয়নকে শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এ জন্য মহান আল্লাহর কাছে তৌফিক কামনার পাশাপাশি সবার দোয়া চান।
বক্তব্যের শেষে উপস্থিত মুসল্লিদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মাহফিলে ধর্মীয় আলোচনা ও ওয়াজের পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।