
নকলায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যাত্রা শুরু দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
রোববার দুপুরে নকলা পৌর শহরের পশ্চিম বাজার এলাকার এম এস প্লাজার নিচতলায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলহাজ্ব ওসমান গনি, ভাইস প্রিন্সিপাল মুফতি মাহাদি হাসান মুস্তাকিম, জামিয়া আরাবিয়া মাসতুরা আশরাফিয়া কওমি মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, নকলা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা এবং হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ হাফিজুল ইসলাম। এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা নকলায় আদর্শ প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মো. মনিরুজ্জামান বলেন, নকলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষাভিত্তিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ চরিত্রে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কাজ করবে। এ জন্য তিনি অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণি, নূরানী, নাজেরা ও হিফজুল কোরআন বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।