
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
আগামীকাল ফেনী জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে জেলা শহরের নির্ধারিত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।সংবাদ সম্মেলনকে ঘিরে সাংবাদিকদের উপচেপড়া ভিড়ে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগামীর কর্মসূচি, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন।নেতৃবৃন্দ আমীরে জামায়াতের সফরকে ঘিরে ফেনী জেলা জামায়াতের প্রস্তুতি, কর্মসূচির গুরুত্ব এবং জনসাধারণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান।তিনি তার বক্তব্যে বলেন, আমীরে জামায়াতের আগমন ফেনী জেলার ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।এ সফরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের মাঝে ইসলামী আদর্শের বার্তা পৌঁছে যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা জামায়াতের শীর্ষ নেতা মোহাম্মদ সামছুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।এছাড়াও ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।জেলা পেশাজীবী ফোরামের সভাপতি আবু বকর ছিদ্দিক মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।তারা বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে ফেনী জেলা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।