
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং অভিযানে দুইটি মিষ্টান্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।(৩ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
পরিদর্শনকালে অমিত সুইটমিট এ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।এছাড়া উৎপাদিত মিষ্টি উন্মুক্ত অবস্থায় সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে বলে অভিযানে উঠে আসে।এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্যামল কীর্ত্তনিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।একই অভিযানে প্রীতি মিষ্টান্ন ভান্ডার এ দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে।ভোক্তাদের প্রয়োজনীয় তথ্য গোপন রাখার কারণে প্রতিষ্ঠানটির মালিক রতন কীর্ত্তনিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি খাদ্যপণ্যের মোড়ক ও পাত্রে বাধ্যতামূলক তথ্য সঠিকভাবে প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন,নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি জানান,ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:নাজমুল ইসলাম।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় লৌহজং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।স্থানীয় ক্রেতারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।তাদের মতে,বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে