
শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ
মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী (শেরপুর)উপজেলা প্রতিনিধি
শেরপুর জেলার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল আজ ২৩ নভেম্বর ২০২৬ রোজ (সোমবার) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন রাজাপাহাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ”মালিকবিহীন” অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৪,৮৬,০০০/- (চার লক্ষ ছিয়াশি হাজার) টাকা।
এছাড়াও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গারোকোনা লেবু বাগান নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২২ নভেম্বর ২০২৬ রোজ (রবিবার) পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ এবং মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৭২,৫০০/- (বাহাত্তর হাজার পাঁচশত) টাকা। বিজিবির অভিযানে আটককৃত ভারতীয় মদ, মোবাইল ফোন এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,৫৮,৫০০/- (পাঁচ লক্ষ আটান্ন হাজার পাঁচশত) টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আমাদেরকে বলেন ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।