
দেলোয়ার হোসেন (বগুড়া)
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমন্তাহার যুব সংঘ’-এর ক্লাব ঘরে অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লাবের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে।সংগঠনের নেতৃবৃন্দের দাবি, হামলায় আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সমন্তাহার যুব সংঘের সভাপতি আব্দুল মোমিন তালুকদার সহ স্থানীয় এলাকাবাসী এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ অনুযায়ী, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন বিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাহালু থানায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।অভিযোগকারীদের দাবি,ওই মামলার জের ধরে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সমন্তাহার যুব সংঘের ক্লাব ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।এতে ক্লাবের আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। সংগঠনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লাখ টাকা বলে জানানো হয়েছে।স্থানীয়দের মতে, সমন্তাহার যুব সংঘ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।এমন একটি সংগঠনের ক্লাব ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় সমন্তাহার যুব সংঘের সভাপতি আব্দুল মোমিন তালুকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।