
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা হাছেন আলী ফটিককে
মোঃ আজাদ হোসেন নিপু, জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ক্ষেত্রীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাছেন আলী (ফটিক/ফটো) আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। তিনি গাদু মণ্ডলের ছেলে ছিলেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় রশীদপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জামালপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মোঃ তানভীর হায়দার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জামালপুর।
এ সময় ১৫ নং রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোঃ ফজলুল হক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির, মুক্তিযুদ্ধা ইউনিয়ন কমান্ডার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত মহাব্যবস্থাপক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ হাবিবুর রহমান হবি, স্থানীয় স্বনামধন্য নেতাকর্মী ও সম্মানিত ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে রশীদপুর উচ্চ বিদ্যালয় মাঠেই তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তাঁকে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা হাছেন আলী ফটিকের মৃত্যুতে ক্ষেত্রীপাড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয়রা একজন বীর সন্তানকে হারালেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা।