
সাটুরিয়ায় প্রথম দিনেই বর্শিতে দেড় কেজির চিতল পেলেন আরফান
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।
শখের বশে প্রায় ১৫ বছর ধরে বর্শি দিয়ে মাছ শিকার করছেন ৫৫ বছর বয়সী মোঃ আরফান মিস্ত্রি। মাছ ধরার নেশায় ঘুরে বেড়ান দেশের বিভিন্ন জেলার নদ-নদীতে। এবার ময়মনসিংহ থেকে মানিকগঞ্জের সাটুরিয়ায় এসে প্রথম দিনেই তাঁর বর্শিতে ধরা পড়েছে দেড় কেজি ওজনের একটি চিতল মাছ।
আরফান মিস্ত্রির বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের কুষ্টিয়াপাড়া এলাকায়। বর্তমানে তিনি সাটুরিয়ার ধলেশ্বরী নদীর পারতিল্লির চরে মাছ শিকার করছেন। তাঁর সঙ্গে রয়েছেন একই এলাকার ৬০ বছর বয়সী বাদশা মিয়া।
আরফান জানান, এ পর্যন্ত দেশের প্রায় ১৫টি জেলার নদ-নদীতে মাছ শিকার করেছেন তিনি। সন্ধ্যা থেকে নদীর পাড়ে বসে সারা রাত মাছ ধরেন। যমুনা নদীতে তাঁর শিকার করা বড় মাছের মধ্যে রয়েছে ১৫ কেজি ওজনের বোয়াল ও ৮ কেজি ওজনের রুই।
সাটুরিয়ায় এবার নিয়ে দ্বিতীয়বার মাছ শিকার করতে এসেছেন তিনি। প্রথম দিনেই চিতল মাছ পেয়ে বেশ আনন্দিত আরফান। বয়স ৫৫ হলেও মাছ ধরার প্রতি তাঁর আগ্রহ এখনো অটুট।