
৩০ লাখ টাকার চেক ডিজঅনার, গ্রেফতারি পরোয়ানা জারি
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা
৩০ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আদালত।
ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত সম্প্রতি এই পরোয়ানা জারি করেন। মামলার নম্বর সি.আর. ৬৬/২০২৪ এবং মেট্রো মামলা নম্বর ১৪৪৬৭/২০২৪। মামলাটি The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারায় দায়ের করা হয়।
মামলার আরজি অনুযায়ী, পাওনা টাকা পরিশোধের জন্য আসামি গত ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে বাদীকে ৩০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেক নম্বর ছিল ৯১৫৯০৪৮।
পরবর্তীতে বাদী চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে গত ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল দেখিয়ে তা ডিজঅনার করে।
এ ঘটনায় বাদীপক্ষ আইনজীবীর মাধ্যমে গত ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখে রেজিস্ট্রিকৃত ডাকযোগে আসামি বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।
নোটিশের পরেও টাকা পরিশোধ না করায় গত ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।