
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে স্থিতিশীলতা ফেরাতে তোড়জোড় শুরু করেছে বিশ্বশক্তিগুলো। আমেরিকা, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো বর্তমানে একটি সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এক প্রতিবেদনে জানিয়েছে, এই সাময়িক বিরতিই হতে পারে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তির প্রথম ধাপ।
ট্রাম্পের আল্টিমেটাম এদিকে, চলমান পরিস্থিতির মাঝেই ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি যুদ্ধবিরতির চুক্তিতে একমত না হয়, তবে দেশটিকে ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়া’ হবে। ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের অবকাঠামো প্রায় ধ্বংসের মুখে।
আলোচনার গতিপ্রকৃতি সূত্রমতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলসহ আঞ্চলিক চারটি দেশের প্রতিনিধিরা এই চুক্তির শর্তাবলি নিয়ে কাজ করছেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা চূড়ান্ত না হয়, তবে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স এখনো এই আলোচনার অগ্রগতির বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।