
ইমন রহমান, বিশেষ প্রতিনিধি
ভোলার দুলারহাটে অবৈধভাবে মৎস্য আহরণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে দুলারহাট থানাধীন শুকনাখালী আনন্দবাজার সংলগ্ন মায়া নদীতে অভিযান চালিয়ে ৪টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা এবং উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার একটি দল মায়া নদীতে টহল শুরু করে। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে নিয়োজিত ৪টি ট্রলিং বোটের উপস্থিতি টের পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা সেগুলোকে ঘিরে ফেলে এবং জব্দ করে। কোস্ট গার্ডের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জব্দকৃত ট্রলিং বোটগুলোর বিষয়ে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
অভিযান শেষে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড সবসময় তৎপর। ভবিষ্যতে অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশীয় মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে স্থানীয়রা মনে করছেন।