
তেলের কালোবাজারি রুখতে র্যাবের অভিযান: গোদাগাড়ীতে বিপুল জ্বালানি জব্দ
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাব-৫ এর অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব-৫, সিপিএসসি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর এলাকায় মোঃ রাসেল হোসেনের বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত তেল আইন অনুযায়ী স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয়।
অভিযানের ধারাবাহিকতায় নাজিরপুরের ছয়হাটি বাজারে অবস্থিত “মেসার্স রবিউল ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে জানান।
বিষয়টি যাচাইয়ের জন্য দোকান মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব-৫ জানায়, দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।