
বিশেষ প্রতিবেদন
বিশ্ব নৃত্য দিবস-২০২৬ উদযাপন করেছে গাজীপুর সাংস্কৃতিক ঐক্য। গাজীপুর জেলার ৮টি সংগঠন এ উপলক্ষে আয়োজিত নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করে। গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দির মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া এর উদ্বোধন করেন।
আয়োজক সংগঠন গাজীপুর সাংস্কৃতিক ঐক্য -এর আহ্বায়ক অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিষয় ভিত্তিক আলোচনা করেন বিশেষ অতিথি নৃত্য শিল্পী, নৃত্য পরিচালক ও লেখক মোঃ মিনা নজরুল ইসলাম।
২০০৫ সালে অভিনয় শিল্পী হিসেবে তথা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা জানান, গাজীপুরের থিতিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে তুলা দরকার। যথাযথ পৃষ্ঠপোষকতার ঘাটতি এ জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোয় আরও জোরদার কার্যক্রম চালানোর অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না। গাজীপুর সাংস্কৃতিক ঐক্য সমন্বয়ক সংগঠন হিসাবে এ সমস্যা সমাধানের জন্য কাজ করতে চায়। এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ব নৃত্য দিবস উদযাপন করা হচ্ছে।
অংশগ্রহণকারী নৃত্য সংগঠনগুলো হচ্ছে- নটরাজ নৃত্যকলা একাডেমি, আনন্দলোক ললিতকলা একাডেমি, বৃত্ত সংস্কৃত চর্চা কেন্দ্র, বন্ধুমহল শিল্পী সংস্থা,সাত্ত্বিক শিল্পাশ্রম, গাজীপুর; ধ্রুবম নৃত্যশালা, মঞ্চকুঁড়ি ললিতকলা একাডেমি ও নৃত্যবীণা ললিতকলা একাডেমি।