
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান রোকনুজ্জামান জিম
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান লিপকন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন ঘোষিত এই কমিটিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতি সন্তান মোঃ রোকনুজ্জামান জিমকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার এ অর্জনে রৌমারী উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
জানা গেছে, রোকনুজ্জামান জিম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১৭ বছর ধরে তিনি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে তিনি একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন। তবুও তিনি পিছু হটেননি; বরং সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন।
দলের নেতাকর্মীরা জানান, তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা, সাহসিকতা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় ছাত্রদল তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ মনে করছেন, রোকনুজ্জামান জিমের এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং রৌমারী উপজেলার জন্যও গর্বের বিষয়। তার মতো তরুণ নেতৃত্ব ভবিষ্যতে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জিম তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই দায়িত্ব তার জন্য অত্যন্ত গৌরবের ও চ্যালেঞ্জের। তিনি দলের আদর্শ ধারণ করে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশ ও দলের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ছাত্রসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।