
বগুড়ায় পুকুরে গলাকাটা নবজাতকের লাশ উদ্ধার, দম্পতি আটক।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকায় একটি পুকুর থেকে গলাকাটা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকার কয়েকজন মানুষ পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হেফাজতে নেয় এবং তাৎক্ষণিক তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে একই গ্রামের নুর আলমের ছেলে দুলাল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, প্রায় তিন মাস আগে দুলাল গাবতলী উপজেলার নেপালতলী গ্রামের নিপা নামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের মাত্র তিন মাসের মধ্যে সন্তান জন্ম হওয়ায় সামাজিক মান-সম্মান রক্ষার কথা ভেবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।