
নকলায় খাল খনন কার্যক্রম উদ্বোধন, উপকৃত হবে কৃষক ও শ্রমজীবী মানুষ
মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয় শ্রমজীবী মানুষের জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ ফরিদা ইয়াসমীন।
প্রকল্পের আওতায় পেকুয়া বিলের মোহনা হতে বিহারীরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৯৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এছাড়াও পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি বিলে ৩ দশমিক ৪৮৮ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ওয়েজ বাবদ ৬৬ লাখ ৪৪ হাজার টাকা এবং নন-ওয়েজ বাবদ ৮১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সর্দার মজুরিনির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩শ টাকা। অন্যদিকে বাল্লাঘাট এলাকায় খাল পুনঃখনন কাজে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন শামীম, শামসুল হক রাকিবসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, “১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ সময় রাজনৈতিক জটিলতায় এ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকারের উদ্যোগে আবারও খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও পরিবেশের উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।