
পাগলা কুকুরের কামড়ে কয়েক দিনের ব্যবধানে প্রাণ গেল ৫ জনের
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে কয়েক দিনের ব্যবধানে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে কঞ্চিবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালাম মিয়ার স্ত্রী মোছাঃ খোতেজা বেগম (৫৫) নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
এর আগে একই এলাকার আফরোজা বেগম, নন্দা রানী, ফুলু মিয়া ও রতনেশ্বর কুমার জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল একটি পাগলা কুকুর অন্তত ১৫ জনকে কামড়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে পর্যায়ক্রমে পাঁচ জনের মৃত্যু হওয়ায় জনমনে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে নারী ও শিশুসহ আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত আরও অনেকেই বর্তমানে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ ও আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।