
*হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*
কুরুকপাতা ও আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর, দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ
মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম।
বান্দরবানের আলীকদম উপজেলায় হাম রোগে আক্রান্ত শিশু ও রোগীদের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন অধ্যাপক থানজামা লুসাই।
তিনি উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন আক্রান্ত পাড়া এবং আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান আক্রান্ত শিশু ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ ও রোগী ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত অবগত হন।
তিনি বলেন, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
বিশেষ করে শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় তিনি রোগীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।
একই সঙ্গে আক্রান্ত এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি ব্যবহার এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার দুর্গম কয়েকটি এলাকায় সম্প্রতি হাম রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।