
কোলা ইউনিয়ন পরিষদের ১ কোটি ১৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণাঃ
আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪নং কোলা ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা।
কোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই বাজেট সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান জনাব এ এইচ এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম।
বাজেট বক্তৃতায় চেয়ারম্যান জনাব এ এইচ এম সাইফুল ইসলাম বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে টানা পাঁচ বছর কোলা ইউনিয়নের উন্নয়ন বাজেট ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ঘোষিত ১ কোটি ১৫ লাখ টাকার বাজেটের বাইরেও আমি ব্যক্তিগত উদ্যোগে সরকারের বিভিন্ন দফতরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছি। এর ফলে মূল বাজেটের চেয়েও দুই থেকে তিন গুণ বেশি অতিরিক্ত অর্থ বরাদ্দ এনে কোলা ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পেরেছি, যা আমাদের এলাকার চেহারা বদলে দিচ্ছে।”
তিনি এই সফলতার পেছনে পরিষদের সকল মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রামপুলিশ সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেয়ারম্যান সাইফুল ইসলাম আরও বলেন, “কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং প্রবাসী ভাইদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা, যাঁদের দেওয়া সুযোগ ও সমর্থনে আমি এই মহান দায়িত্ব পালন করতে পারছি।”
বক্তব্যের শেষভাগে তিনি কোলা ইউনিয়নের প্রয়াত সকল সাবেক চেয়ারম্যান, মেম্বার এবং সাধারণ জনগণের আত্মার মাগফিরাত কামনা করে তাদের জান্নাতুল ফেরদৌস নসীবের জন্য দোয়া করেন। একই সাথে তিনি ইউনিয়নের সকল অসুস্থ ও চিকিৎসাধীন মানুষের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে সভা সমাপ্ত করেন।
উন্মুক্ত বাজেট সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নাগরিকরা ইউনিয়নের এই ধারাবাহিক উন্নয়নকে স্বাগত জানিয়ে পরিষদের বর্তমান কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।