
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য জননেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।
আজ ২২/০৫/২০২৬ইং সিরাজদিখানে নিহত শিশু রামিসার কবর জিয়ারত শেষে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে এবং তাদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে এমপি শেখ মোঃ আব্দুল্লাহ্ বলেন, “রামিসার মতো একটি নিষ্পাপ ও অবুঝ শিশুর সঙ্গে এমন নির্মম-নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি অত্যন্ত হৃদবিদারক ও নিন্দনীয়।”
তিনি পরিবারকে সান্ত্বনা দিয়ে আরও জানান, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার কঠোর নির্দেশ প্রদান করেছেন। সুতরাং, খুব শীঘ্রই এই মামলার বিচার কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ। কোনো অপরাধী পার পাবে না।”
সাক্ষাৎকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তারা সকলেই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।