
পবিত্র ঈদুল আজহা উপলেক্ষ্যে মাদারীপুরের পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকা, মলম পার্টি ও দালাল চক্রের প্রতারণা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
শনিবার জেলার প্রধান পশুর হাটগুলোতে এই নিরাপত্তামূলক ও সচেতনতামূলক অভিযান চালানো হয়। অভিযান চলাকালে হাটে সশরীরে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার (এসপি) মনিরুল ইসলাম।
র্যাব জানায়, কোরবানি ঈদকে সামনে রেখে একশ্রেণির অসাধু চক্র, জাল টাকা ব্যবসায়ী, পকেটমার এবং অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় হয়ে ওঠে। সাধারণ খামারি ও ক্রেতারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সেজন্য র্যাবের বিশেষ টিম হাটে টহল জোরদার করেছে।
অভিযান প্রসঙ্গে এসপি মনিরুল ইসলাম বলেন, জনসাধারণের কষ্টার্জিত টাকা যাতে কোনো প্রতারক চক্র হাতিয়ে নিতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পশুর হাটগুলোতে আমাদের সাদা পোশাকের নজরদারি ও নিয়মিত টহল টিম কাজ করছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি বা চক্রের সন্ধান পেলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে র্যাবের পক্ষ থেকে হাটে আগত ক্রেতা বিক্রেতাদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জাল টাকা শনাক্তকরণের জন্য হাটের বিভিন্ন পয়েন্টে র্যাবের পক্ষ থেকে বিশেষ বুথ স্থাপন ও কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।
র্যাবের এই সময়োপযোগী উদ্যোগ ও উপস্থিতিকে সাধুবাদ জানিয়েছেন হাটে আসা সাধারণ ক্রেতা, বিক্রেতা এবং ইজারাদাররা। তারা জানান, র্যাবের সক্রিয় ভূমিকার কারণে তারা কোনো রকম ভয়ভীতি ছাড়া স্বস্তিতে পশু কেনাবেচা করতে পারছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদারীপুরের প্রতিটি পশুর হাটে এই বিশেষ নজরদারি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।