
মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন ফাঁসিয়াতলা বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে নুর মোহাম্মদ সরদার (১৮) নামে এক যুবককে আটক করেছে কালকিনি থানা পুলিশ।
রবিবার (২৪/০৫/২৬ ইং) উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে আটক করা হয় এই যুবককে। আটক নুর মোহাম্মদ ফাঁসিয়াতলার সোহরাব সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরুর মাংস সাধারণত ৮০০ টাকা কেজি দরে বিক্রি হলেও হঠাৎ রবিবার বিকালে নুর মোহাম্মদ ও তার সহযোগীরা ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করতে থাকে। কেজি প্রতি ২০০ টাকা মূল্যহ্রাস বাজারের স্বাভাবিক দামের চেয়ে অনেক কম হওয়ায় স্থানীয় ক্রেতা ও সচেতন মহলের মনে সন্দেহের সৃষ্টি করে। উপস্থিত সচেতন জনগণ এক পর্যায়ে নুর মোহাম্মদের সহযোগীদের ব্যাপকভাবে জিজ্ঞেসাবাদ করলে তারা স্বীকার করে যে, তারা যেই গরুর মাংস বিক্রি করছে সেই গরুটি আগেই মারা গিয়েছিল তাই তারা সেটি বিক্রি করতে নিয়ে আসে।
মরা গরুর মাংস বিক্রি নিশ্চিত হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কালকিনি থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রতারক নুর মোহাম্মদ সরদারকে আটক করে। তবে নুর মোহাম্মদের সহযোগীরা জনরোষ ও পুলিশ আসার খবর পেয়ে কৌশলে পালিয়ে যায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরা গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে নুর মোহাম্মদ নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনার পর থেকে ফাঁসিয়াতলা বাজারের জনসাধারণ ও ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ভোক্তাদের কল্যাণে নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করার দাবী জানিয়েছেন।