
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপির নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।