
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি ফেনীর আয়োজনে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
ফেনীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিদ্রোহের কবি, সাম্যের কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসন ফেনী ও জেলা শিল্পকলা একাডেমি ফেনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহ ও প্রেমের কবিই নন, তিনি ছিলেন মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, সাহিত্যচেতনা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির জীবনাদর্শ, সাহিত্যকর্ম, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী অবস্থান, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নজরুলচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় প্রবন্ধ পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশনায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নজরুল সংগীত ও কবিতা আবৃত্তিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।