
মির্জাপুরে মুদি দোকানে ইয়াবাসহ নারী গ্রেফতার
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মুদি দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার নামের এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (৭ জুন) সকালে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারের একটি মুদি দোকানে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সাথী আক্তার মাঝালিয়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, সাথী আক্তার দীর্ঘদিন ধরে মাঝালিয়া বাজারে নিজের মুদি দোকানের আড়ালে গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম ওই দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির অপরাধে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত সাথী আক্তারের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।