
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃত্যু, থানায় অভিযোগ।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নে বিদ্যুতায়িত তারে শক লেগে একটি গাভীর মৃত্যুর ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রিফাত মন্ডল (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাঁপোড় পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রিফাত মন্ডল অভিযোগ করেন যে, চান্দাই এলাকার কয়েকজন ব্যক্তি মোঃ কালাম,সুমন, শাহজালাল, মোজাফ্ফর , মিন্টু,তালেব,রহিম বাঁশের খুঁটি ব্যবহার করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রায় ১২ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন টেনে গভীর নলকূপে সংযোগ নিয়েছেন। দীর্ঘদিন ধরে এ বিষয়ে স্থানীয়রা আপত্তি জানালেও সংশ্লিষ্টরা কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১১ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে রিফাত মন্ডলের একটি লাল রঙের গাভী জমিতে ঘাস খেতে গেলে ওই বৈদ্যুতিক তারে শক লেগে ঘটনাস্থলেই মারা যায়। গাভীটির বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি। এছাড়া গাভীটির ২০ দিন বয়সী একটি বাছুর রয়েছে।
ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় দুই যুবকের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান, আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে পরে তিনি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পুলিশ অভিযোগটি গ্রহণ করে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।