
ডেভিল হান্ট’ অপারেশনে লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রেপ্তার: হত্যা ও নারী নির্যাতনের অভিযোগ।
এম এ রাজ্জাক (সুমন)
স্টাফ রিপোর্টার: (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছেন কনকসার ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা আল আমিন খান (৪২)। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ব্যস্ততম ঘোড়দৌড় বাজার এলাকা থেকে লৌহজং থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজদিখান উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন কনকসার ইউনিয়নের দিঘীরপাড় (ধিৎপুর) গ্রামের হাতেম খানের ছেলে আল আমিন। তবে শুধু রাজনৈতিক সহিংসতাই নয়, এই যুবলীগ নেতার বিরুদ্ধে রয়েছে পারিবারিক ও সামাজিক অপরাধের গুরুতর সব অভিযোগ। তার স্ত্রী রিতা আক্তারের দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা বর্তমানে মুন্সিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলার অভিযোগপত্রে আল আমিনের বিরুদ্ধে পরকীয়ায় আসক্তি, নিয়মিত মাদক সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “আল আমিন খানের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।” এদিকে হত্যা মামলার আসামি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত এই নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।