
মীরসরাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান
হারাধন চক্রবর্তী, মিরসরাই প্রতিনিধি :::
চট্টগ্রামের মীরসরাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার তুলাবাড়িয়া ধর্মচক্র বৌদ্ধ বিহারে ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের আসন গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ভদন্ত জ্যোতির্ময় মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত মেত্তানন্দ মহাথের এবং বিশেষ জ্ঞাতি ছিলেন জ্ঞানালংকার মহাথের।
অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত নন্দশ্রী স্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত সত্যাশ্বর ভিক্ষু। এছাড়া সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সত্যালংকার ভিক্ষু, ভদন্ত অমৃতানন্দ ভিক্ষু, ভদন্ত শরণবংশ ভিক্ষু ও ভদন্ত বিনয়ানন্দ ভিক্ষু।
অনুষ্ঠানে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন তুলাবাড়িয়া ধর্মচক্র বিহার সেবক কমিটির সাধারণ সম্পাদক বাবু অভিজিৎ বড়ুয়া (অভি)। শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি বাবু সত্যজিত বড়ুয়া। স্বাগত ভাষণ দেন অধ্যাপক ডা. সলিল বড়ুয়া, এমডি।
দিনব্যাপী আয়োজনে ধর্মীয় আলোচনা, ভিক্ষুসংঘের আসন গ্রহণ এবং কঠিন চীবর পরিক্রমা ও উৎসর্গসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই দানোৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণে ভক্ত-উপাসক ও উপাসিকাদের মধ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
তুলাবাড়িয়া ধর্মচক্র বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা এবং উপাসক-উপাসিকাবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতি বলেন কঠিন চীবর দান, বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার, ও উৎসব, যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা (শারদ পূর্ণিমা বা আশ্বিন মাস মাসের পূর্ণিমা) পালনের এক মাসের মধ্যে যেকোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। ধর্মাবলম্বীগণ পূণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন।
ত্রি-চীবর হলো চার খণ্ডের পরিধেয় বস্ত্র, যাতে রয়েছে দোয়াজিক, অন্তর্বাস, চীবর ও কটিবন্ধনী। এই পোশাক পরতে দেয়া হয় বৌদ্ধ ভিক্ষুদের। প্রতি বছর নির্দিষ্ট সময়ে, সাধারণত আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক বৌদ্ধ ভিক্ষুদেরকে দেয়া হয়। এই পোশাক তৈরি করার জন্য প্রস্তুতিস্বরূপ প্রথমে তুলার বীজ বোনা হয়, পরে তুলা সংগ্রহ করা হয়, তা থেকে সুতা কাটা হয়, সেই সুতায় রং করা হয় গাছ-গাছড়ার ছাল বা ফল থেকে তৈরি রং দিয়ে, এবং সবশেষে নানা আচার-অনুষ্ঠান ও ধর্মীয় নিয়ম-কানুন মেনে মাত্র ২৪ ঘণ্টায়, অর্থাৎ এক দিনের ভিতর তৈরি করা হয় এই ত্রি-চীবর। এই পোশাক বোনায় ব্যবহার করা হয় বেইন বা কাপড় বোনার বাঁশে তৈরি ফ্রেম। এরকম বেইনে একসঙ্গে চারজন কাপড় বুনে থাকেন। এভাবে ২৪ ঘণ্টা পর তৈরি হওয়া সেসব পবিত্র চীবর, বৌদ্ধ ভিক্ষুদের হাতে তুলে দেয়া হয় কঠোর ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে।এভাবে চীবর দেয়া হলে কায়িক-বাচনিক ও মানসিক পরিশ্রম বেশি ফলদায়ক হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ রয়েছে। এভাবে সাধারণ্যের কঠোর পরিশ্রমে তৈরি চীবর, বৌদ্ধ ভিক্ষুদেরকে দান করার বিষয়টি প্রতিদানহীনভাবে কল্যাণের নিমিত্ত কাজ বৈ আর কিছু নয় এবং এজাতীয় অনুষ্ঠান সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করবে বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস। তাছাড়া বৌদ্ধ ধর্মমতে :
কঠিন চীবর দান হলো দানোত্তম বা সর্বশ্রেষ্ঠ দান