
ফুলবাড়ীয়ায় (ময়মনসিংহ) আনুহাদী গ্রাম আবারও দেখিয়ে দিল ঐক্যের আসল শক্তি
প্রতিবেদনে জহিরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:ময়মনসিংহ
দলীয় সীমানা ও রাজনৈতিক ভেদাভেদের দেয়াল ভেঙে উন্নয়নের মূর্ত প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙ্গামাটি ইউনিয়ন। সম্প্রতি এই ইউনিয়নের আনুহাদী গ্রামের এক চায়ের আড্ডায় এলাকাবাসী এক অনন্য ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে তারা সবাই একজোট হয়েছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ ও জনবান্ধব নেতা শামীম মন্ডলকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে থাকায় সাধারণ মানুষের মধ্যে একটি পরিবর্তন ও যোগ্য নেতৃত্বের আকাঙ্ক্ষা কাজ করছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গ্রামের একটি চায়ের দোকানে স্থানীয় সর্বস্তরের মানুষের এক স্বতঃস্ফূর্ত জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ সমাজ—সবাই একবাক্য ঘোষণা দেন যে, ব্যক্তিগত বা দলীয় পরিচয়ের চেয়ে এলাকার উন্নয়নই তাদের কাছে সবার আগে।
চায়ের আড্ডার এই উন্মুক্ত আলোচনা থেকেই আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা শামীম মন্ডলকে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন গ্রামবাসী। তাকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ভোটাররা।
এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত গণজোয়ার ও আস্থার খবর জানতে পেরে পরবর্তীতে চায়ের আড্ডায় উপস্থিত হন শামীম মন্ডল নিজেই। সেখানে উপস্থিত সবার সাথে তিনি কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কৌশলগত আলোচনা করেন।
এ সময় এলাকাবাসীর উদ্দেশে শামীম মন্ডল বলেন, “আপনারা যেভাবে দলীয় সীমানা ছাড়িয়ে আমার ওপর আস্থা রেখেছেন এবং এক হয়েছেন, আমি আপনাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আনুহাদী গ্রামের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে এবং এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে চাই।”
নেতার মুখে এমন প্রতিশ্রুতি ও আশ্বাসের পর গ্রামবাসীর মাঝে আরও বেশি উদ্দীপনা দেখা দেয়। স্থানীয় ভোটারদের মতে, শামীম মন্ডল সবসময় বিপদে-আপদে মানুষের পাশে থাকেন। তাই তাকে বিজয়ী করতে আনুহাদী গ্রামের সর্বস্তরের মানুষ আজ ঐক্যবদ্ধ। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আনুহাদীবাসীর এই ঐক্যের জোয়ার এখন পুরো ফুলবাড়ীয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।