
সিংগাইরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা
সিংগাইর প্রতিনিধি, সাইফুর রহমান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সিংগাইর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আপ্যায়ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের অপরাধে জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সিংগাইর থানা পুলিশের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পচা-বাসি উপকরণ ব্যবহারের মতো অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে অসাধু খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সচেতন মহলের মতে, শুধু জরিমানা নয়, খাদ্য উৎপাদন ও বিপণনের প্রতিটি পর্যায়ে নিয়মিত তদারকি এবং ভোক্তাদের সচেতনতা বাড়ানো গেলে নিরাপদ খাদ্য নিশ্চিতের উদ্যোগ আরও কার্যকর হবে।