
আবু সায়েম (সাগর) লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত পাওয়ার দাবি করায় বিরোধের জেরে শাকিল হোসেন ও তাঁর সহযোগীদের হামলায় হোসেন মিয়া (৫০) নামের এক স্থানীয় ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এ সময় হামলায় তাঁর ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হন।
রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া ওই এলাকারই বাসিন্দা ছিলেন এবং কাজিরদিঘীর পাড় বাজারে দর্জির ব্যবসা করতেন। অন্যদিকে তাঁর আহত ছেলে সাইফুল একই বাজারে ফার্মেসি পরিচালনা করেন। বর্তমানে সাইফুলকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবরের দিকে সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটি প্রতিবেশী শাকিল হোসেন কিছু সময়ের জন্য ধার নেন। কিন্তু দীর্ঘ ১৩ দিন ধরে বিভিন্ন অজুহাতে সেটি আর ফেরত দিচ্ছিলেন না শাকিল।
ঘটনার দিন রোববার সন্ধ্যার দিকে সাইফুল তাঁর বাবা হোসেন মিয়া এবং স্থানীয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কাজিরদিঘীর পাড় বাজারে যান মোটরসাইকেলটি বুঝিয়ে আনার জন্য। সেখানে শাকিলের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি ফের টালবাহানা শুরু করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে শাকিল, বিপ্লবসহ তাঁদের সহযোগীরা অতর্কিতভাবে বাবা-ছেলের ওপর চড়াও হন এবং শারীরিক হামলা চালান।
আহতদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসেন মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ইতিমধ্যে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলার আইনি প্রক্রিয়া চলছে।