
পদ্মা সেতুতে আধা ঘণ্টায় লংমার্চের ৬৭৮ গাড়ি পার টোল আদায় ৭ লাখ ৭৬ হাজার টাকা
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-কুষ্টিয়ামুখী লংমার্চের গাড়িবহরের ৬৭৮টি যানবাহন মাত্র আধা ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে। এ সময় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ৭ লাখ ৭৬ হাজার টাকা।শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত দক্ষিণবঙ্গমুখী এসব যানবাহন পর্যায়ক্রমে পদ্মা সেতু অতিক্রম করে।সেতু পার হওয়া যানবাহনের মধ্যে মাইক্রোবাস,প্রাইভেটকার ও জিপসহ বিভিন্ন ধরনের গাড়ি ছিল।এ ছাড়া লংমার্চের বহরে অংশ নেওয়া নেতাকর্মীদের বহনকারী বেশ কয়েকটি ট্রাকও সেতু পার হয়েছে।পদ্মা সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণবঙ্গমুখী বহরের মাইক্রোবাস,কার ও জিপসহ মোট ৬৭৮টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।এতে টোল বাবদ আয় হয়েছে প্রায় ৭ লাখ ৭৬ হাজার টাকা।তিনি আরও জানান,ওই সময়ের আগে ও পরেও বহরের কিছু যানবাহন সেতু পার হয়েছে।এ ছাড়া ট্রাকসহ অন্যান্য যানবাহনও পার হওয়ায় লংমার্চের মোট যানবাহনের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন।উল্লেখ্য,গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্যজোট।শনিবার সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে সকাল ৮টার দিকে খুলনা ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে।মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী জানান,লংমার্চ কর্মসূচি সফল করতে ঢাকা থেকে আসা গাড়িবহরের সঙ্গে লৌহজং উপজেলার খানবাড়ী পয়েন্ট থেকে জেলার জোট নেতৃবৃন্দের আরও ৫৭টি গাড়ি যুক্ত হয়।পদ্মা সেতু পার হয়ে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে এগিয়ে যায় লংমার্চের বিশাল গাড়িবহর।