
লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি,যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালে আয়োজিত যুব র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক-যুবতী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম।এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ ও ওমর ফারুক রাজিব।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাদল এবং উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন খান।বক্তারা বলেন,দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।যুবকদের দক্ষতা উন্নয়ন,প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।তারা বলেন,প্রশিক্ষণ ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে তরুণরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবে।
এ সময় যুবসমাজকে মাদক,অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।আলোচনা সভায় আত্মনির্ভরশীল যুবসমাজ গঠন এবং জাতীয় উন্নয়নে তরুণদের ইতিবাচক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েল।এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ উল্লেখযোগ্যসংখ্যক যুবক ও যুব নারী উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের কর্মসূচি শেষ হয়।