
নিয়ামতপুরে চেকপোস্টে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার: মোঃ শাহিনুর রহমান আকাশ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ (দুইশত) গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ১১ মে ২০২৬ ইং সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় নিয়ামতপুর–ধানসূরা পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে দুইটি পৃথক প্যাকেটে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালুয়াচরি গ্রামের মেজবাউল হক বাচ্চু, পিতা মেছের আলী এবং একই জেলার আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা এলাকার আসাদুজ্জামান নয়ন, পিতা গোলাম আজম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে নিয়ামতপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।
জব্দকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটককৃতদের নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।