
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রায় ৪৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
মোঃ আলমগীর কবির, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে পৌরসভার মোট বাজেটের আকার ধরা হয়েছে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকা ৮০ পয়সা।
আজ পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক বলেন, বিভিন্ন খাতে প্রারম্ভিক স্থিতিসহ মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৩ লাখ ১৯ হাজার ২২৯ টাকা ৮০ পয়সা। উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৪৬ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ২২৯ টাকা ৮০ পয়সা।
অন্যদিকে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা। এতে মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৬ কোটি ২৯ লাখ ৫১ হাজার ১২ টাকা।
লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের হিসাব শেষে ১৯ লাখ ৩ হাজার ২১৭ টাকা ৮০ পয়সা উদ্বৃত্ত রাখা হয়েছে। পাশাপাশি মূলধনী আয় ও ব্যয় ৪৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম, পৌরসভার সাবেক মেয়র মোঃ ইসহাক আলী, পৌরসভার সচিব মোঃ জালাল উদ্দিন, ব্যবসায়ী ইমান আলীসহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণার পাশাপাশি উপস্থিত ব্যক্তিদের মতামতও গ্রহণ করা হয়। এ সময় বক্তারা পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহ ও নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বাজেট বক্তব্যের শেষাংশে পৌর প্রশাসক বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বড়াইগ্রাম পৌরসভাকে আরও আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।